ঢাকা বিভাগীয় কমিশনার ঢাকা জেলা ও কেরানীগঞ্জ উপজেলা পরিদর্শন

ষ্টাফ রিপোর্টার,২৯ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):ঢাকা বিভাগের  বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা ঢাকা জেলা এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তর সফর করেন। মাঠ পর্যায়ে সরকারি সেবা প্রদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয়ে এই পরিদর্শন পরিচালিত হয়।
বুধবার  তিনি প্রথমে  ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন । ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে ‘ক্লিন স্কুল টিম’ এর পাইলট প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উদ্যােগের উদ্বোধন করেন । এ সময় ঢাকা জেলা প্রশাসক হ্যালো ডিসি  ফরিদা খানম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঢাকার বিভাগীয় কমিশনার  বলেন, ওসোজি মডেল শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। শিক্ষার্থীরা নিজের বিদ্যালয় নিজে পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুললে তা তাদের পরিবার ও সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা চাই, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মডেল বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত হোক। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত অংশগ্রহণ জরুরি।


এরপর  তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ (ভূমি অধিগ্রহণ) শাখা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা-এর আদালত সশরীরে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরবর্তীতে তিনি কোতোয়ালী রাজস্ব সার্কেল পরিদর্শন করেন। এ সময় তিনি কার্যালয়ে আগত সাধারণ সেবাগ্রহীতাদের সাথে সরাসরি কথা বলেন এবং সেবাপ্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব বা হয়রানির শিকার হতে হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।
এরপর বিভাগীয় কমিশনার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস,  পরিদর্শন করেন। এ সময় তিনি সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: উমর ফারুক উপস্থিত ছিলেন। তবে কোন মিডিয়াকর্মীর উপস্থিতি দেখা যায়নি।
পরিদর্শন শেষে তিনি উক্ত কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীর সাথে এক আন্তরিক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময়কালে তিনি বলেন, সরকারি দপ্তরে আসা প্রতিটি নাগরিক যেন কোনো প্রকার হয়রানি ছাড়াই দ্রুত ও সহজভাবে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। জনগণের দোড়গোড়ায় স্বচ্ছ ও গুণগত মানসম্পন্ন সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের নিয়মিত তদারকি ও পরিদর্শন অব্যাহত থাকবে।

Related posts

Leave a Comment