ষ্টাফ রিপোর্টার,৩১ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):আশুলিয়ায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নুন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা। এসময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন।
সকাল থেকে শুরু হওয়া এই শ্রমিক অসন্তোষের মুখে ইতোমধ্যে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশেপাশের এলাকায় নাঈম নীটওয়ারসহ অন্তত ২০ টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশের পুলিশ সুপার জানায়, সকাল থেকে নাঈম নীটওয়ারের শ্রমিকরা প্রথমে কারখানায় কর্মবিরতি পালন করে। পরে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে আশেপাশের কয়েকটি কারখানায় ইট পাটকেল ছুড়ে বিক্ষোভরত শ্রমিকরা। এসময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় শ্রমিকদের ছোড়া ইট পাটকেলের আঘাতে পুলিশের একজন সদস্য আহত হন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, এ পর্যন্ত ২০ টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সাথে এর সংখ্যা বাড়তে পারে বলেও জানা তিনি। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
