একটি প্রতিষ্ঠানের মূল ভিত্তি হওয়া দরকার দায়িত্ববোধ ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি:উপাচার্য

ষ্টাফ রিপোর্টার,৩১ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেছেন, ব্যক্তির চরিত্রের পরিবর্তে তাঁর কাজের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়েই প্রতিষ্ঠানের স্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের মূল ভিত্তি হওয়া দরকার দায়িত্ববোধ ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি। আজ বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে রেজিস্ট্রার অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য তাঁর বক্তব্যে আরও বলেন, প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শকে কাজে লাগিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই। তিনি বলেন, ২০তম গ্রেডের প্রান্তিক সহায়ক কর্মী থেকে শুরু করে উপাচার্য পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই একটি অবিচ্ছেদ্য অংশ। সেই কারণে কোনো একটি পর্যায়ে দায়িত্ব পালনে বিচ্যুতি ঘটলে তার প্রভাব পুরো প্রতিষ্ঠানের ওপর পড়ে। তাই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রারগণ তাঁদের বক্তব্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment