অভিনেত্রী নোভা ফিরোজ। কিছুদিন আগে সংসার ভাঙা নিয়ে শিরোনামে আসেন তিনি। তবে এবার সেই প্রসঙ্গের কোনো ফলোআপ নয়। ক্যারিয়ারের একযুগ পূর্ণ করলেন এই অভিনেত্রী। আর এই যুগ পূর্ণের মাসেই নোভা ফিরোজ তার ভক্ত-দর্শককে নতুন একটি খবর দিচ্ছেন।
অভিনয়ের পাশাপাশি পেশাগতভাবে এবার তিনি কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে যুক্ত হচ্ছেন। প্রাইভেট প্রতিষ্ঠান ‘লেভেল থ্রি ক্যারিয়ারস’-এ হেড অব কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স পদে যোগ দিচ্ছেন। আন-অফিসিয়ালি এরইমধ্যে নোভা প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন। অফিস থেকে ৭ দিনের ট্রেনিংও তিনি সম্পন্ন করেছেন। আগামী ১ নভেম্বর থেকে নোভা অফিসিয়ালি তার কাজ শুরু করবেন। কর্পোরেট ওয়ার্ল্ডে নিজের দক্ষতা প্রমাণের যুদ্ধে নামবেন তিনি।
নোভা ফিরোজ বলেন, ‘মিডিয়ায় পথচলায় দেখতে দেখতে একযুগ পূর্ণ হয়ে গেল। এই পথচলায় দর্শক-ভক্তের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি আমি। তাদের ভালোবাসার কারণেই আমি আজকের নোভা। জীবনটাকে একটু অন্যভাবে দেখতে চাই। তাই কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করলাম। ৭ দিনের ট্রেনিং-এ নতুন আমাকে আমি আবিষ্কার করেছি। নিজেকে অন্যভাবে দেখার সুযোগ হয়েছে আমার। আমি খুব আশাবাদী যে, এই নতুন জগতে আমি নিজের দক্ষতায় নিশ্চয়ই প্রমাণ করতে পারবো। নতুন পথচলায় সবার দোয়া চাই।’
নোভা বর্তমানে দুটি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন। একটি অরণ্য আনোয়ারের ‘বন্ধু বটে’ এবং অন্যটি আশিক মাহমুদের ‘পাগলা হাওয়া’।
