প্রিটোরিয়া, ১৭ অক্টোবর : প্রথম ওয়ানডের আগের দিন অনুশীলনের ফুটবল খেলতে গিয়ে চোট পান বাংলাদেশের প্রধান পেস ভরসা মোস্তাফিজুর রহমান। প্রথমে তেমন গুরুতর মনে না হলেও চিকিৎসককে দেখানোর পর পুরো আফ্রিকা সফরই শেষ হয়ে যায় তার। আর তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে যাওয়া পেসার শফিউল ইসলাম।
শফিউল ইনজুরিতে পড়েছিল এই আফ্রিকা সফরেই। সফরে প্রথম টেস্ট খেলার পর কাঁধের ইনজুরিতে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি শফিউলের। আর ওয়ানডে দলে না থাকায় দেশে ফিরে আসেন এই পেসার। তবে প্রথম ওয়ানডের আগে অনুশীলনে পা মচকে যাওয়ায় ওয়ানডে সিরিজ আর খেলা হচ্ছে না মোস্তাফিজের। এবার বাঁহাতি এই পেসারের পরিবর্তে দলে যোগ দিচ্ছেন শফিউল।
এদিকে দেরি করে দ্বিতীয় ওয়ানডের ভেনু কেপ টাউনে পৌঁছানোয় সোমবার মুস্তাফিজের স্ক্যান করানো সম্ভব হয়নি। এ নিয়ে ম্যানেজার মিনহাজুল আবেদীন জানান, মঙ্গলবার ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেয়া হবে। এরপর মোস্তাফিজের স্ক্যান করানো হবে। আর ওর জায়গায় শফিউল দলে যোগ দিচ্ছে।
