সাতক্ষীরার কুখরালীতে জুলি খাতুন (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় পুলিশ স্বামী আবুদর রাজ্জাককে আটক করেছে। রবিবার ভোর রাতে সদর উপজেলার পারকুখরালি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় আহমেদ আলি জানান, যৌতুকের দাবীতে রাজ্জাক তার স্ত্রীকে প্রায়ই মারধর করতো। এরই জের ধরে রবিবার ভোর রাতে পাষণ্ড স্বামী তার ঘরের ভিতরে সাউন্ড বক্স জোরে বাজিয়ে তার স্ত্রীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এর পর সে প্রচার দেয় তার স্ত্রীর স্ট্রোক করেছে। এলাকাবাসীর এ সময় সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে এবং রাজ্জাককে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী রাজ্জাককে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শ্বাসরোধ করে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে। তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
