শেখ এ কে আজাদ,৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সাভারে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজ মাঠে মক ভোটকেন্দ্রে এ মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় জানানো হয়, নির্বাচনের দিন যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বাহিনীর সদস্যরা।
সাভার উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের আয়োজনে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা এ মহড়ায় অংশ নেন। মহড়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টা, বিশৃঙ্খলা মোকাবিলা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্দেহভাজন ব্যক্তিকে আটক এবং জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়ার কৌশল প্রদর্শন করা হয়। একই সঙ্গে ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।
এব্যাপারে মক ভোটিংয়ের কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় অফিসার মোহসিনুজ্জামান বলেন, আসন্ন নির্বাচন সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে এটি একটি সমন্বিত মহড়ার প্রস্তুতি। তিনি আরো বলেন, মঙ্গলবার বিকেলে এই মক ভোটিংয়ের কেন্দ্র পরিদর্শনে আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কারণে প্রশাসন ও যৌথ বাহিনীর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
যৌথ বাহিনীর এ তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভোটাররা মনে করছেন, এমন মহড়ার ফলে ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি হবে।
