ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে নারী যৌন হামলার অভিযোগ তুলেছিলেন তিনি এখন ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।
সাবেক অ্যাপ্রেন্টিস তারকা সামার জার্ভোস অভিযোগ করেছিলেন, ট্রাম্প ২০০৭ সালে তার সাথে জোরপূর্বক যৌন সম্পর্কের চেষ্টা করেন।
ডোনাল্ড ট্রাম্প অ্যাপ্রেন্টিস নামের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি অনুষ্ঠানটিতে বিচারক ছিলেন।
মামলায় ট্রাম্পকে ‘মিথ্যাবাদী ও পুরুষতান্ত্রিক’ উল্লেখ করা হয়েছে বলে জানান মিস জার্ভোস।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের মাত্র তিনদিন আগে এই খবরটি আসলো।
নির্বাচনী প্রচারণার সময় তার বিরুদ্ধে বেশ কিছু যৌন অসদাচরণের অভিযোগ আসে। যার সবগুলোই অস্বীকার করেছেন ট্রাম্প।
সেসময় তিনি এসব অভিযোগকে ‘মিথ্যা ও হাস্যকর’ হিসেবে বর্ণনা করেন এবং অভিযোগকারীদের ‘অসুস্থ’ দাবি করে বলেন তারা ‘খ্যাতি, অর্থ ও রাজনীতির কারণে এমনটা করছে’।
মিস জার্ভোস লস অ্যাঞ্জেলসে সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্প যেহেতু আমার অনুরোধ অনুযায়ী তার কথা প্রত্যাহার করেননি, সেকারণে আমার মর্যাদা পুনরুদ্ধারের জন্য তার বিরুদ্ধে মামলা করা ছাড়া আর কোন উপায় নেই।’
এসময় তার সাথে ছিলেন তার আইনজীবী গ্লোরিয়া অলরেড, যিনি ডেমোক্র্যাটিক পার্টির একজন কর্মী। তিনি বলেন, অভিযোগকারীর বক্তব্য মিথ্যা শনাক্তকরণ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে এবং সেখানে এসব অভিযোগ সত্য বলে দেখা গেছে।
মিতু/বিবি নিউজ/১২২৬
