৩ মে, ২০২৬ (বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় দর্শন বিভাগ ৪ রানে অর্থনীতি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আজ সকালে কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। খেলায় টসে জিতে অর্থনীতি বিভাগ দর্শন বিভাগকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। দর্শন বিভাগ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৩ রান করে। জবাবে অর্থনীতি বিভাগ ১৯.৪ ওভারে ১১৯ রান করে অলআউট হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু ও অন্যান্য নেতৃবৃন্দ, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
