২৯ এপ্রিল ২০২৬ (বিবিনিউজ ): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে তেহরানের ওপর চাপ বাড়াতে দেশটির বন্দরগুলোতে দীর্ঘমেয়াদি অবরোধ চালানোর প্রস্তুতি নিতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মনে করেন না যে ইরান আন্তরিকভাবে আলোচনা করছে। তার আশা, চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানকে অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করতে এবং পরবর্তীতে কঠোর বিধিনিষেধ মেনে নিতে বাধ্য করা যাবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘তাদের খুব দ্রুত বুদ্ধিমান হতে হবে!’
ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সোমবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প সিদ্ধান্তে উপনীত হন যে, ইরানে পুনরায় বোমা হামলা শুরু করা কিংবা সংঘাত থেকে পুরোপুরি সরে আসা—উভয় পথই ঝুঁকিপূর্ণ।
এর পরিবর্তে তিনি কর্মকর্তাদের জানান, তেহরান ওয়াশিংটনের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত মার্কিন নৌবাহিনী ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানির ওপর চাপ অব্যাহত রাখবে।
