স্টাফ রিপোর্টার,১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় মিনি ক্যাসিনো জুয়ার আসরে অভিযান চালিয়ে অন্তত ২৫ জন জুয়াড়িকে আটক করেছে র্যাব-৪। এসময় ক্যাসিনো বোর্ডসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি র্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী। তিনি জানান, আজ ভোর রাতে আশুলিয়ার বলিভদ্রবাজার ও পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় ২৪ টি মোবাইল ফোন ও ৯৩ হাজার টাকা।
আটকরা হলেন- মোতালেব (১৯), জহিরুল ইসলাম (৩৮), সবুর মন্ডল (৪০), জাকির হোসেন (২৮), ইলিয়াস (৩২), রবিউল ইসলাম (৩৬), তৌফিক হোসেন (২৬), আবুল হোসেন (২৬), রিপন মিয়া (৪০), মিলন রায় (৪৫), আবুল কালাম (৩৯) সুহাগ লস্কর (২৯), আজিজুল (৩৫), রহিদুল বাঘ(২৫), শহিদ প্রমানিক (৩৫), আলমগীর(২৫), সাজ্জাদ হোসেন(৪০), বেলাল শেখ (৪৫), রাজু (২৮), রবিউল হোসেন (৪০), শাহ আলম (৪৫), সাগর (২০), মজিবুর রহমান (২০) ও সুহেল (১৮)। তারা সবাই পেশাদার জুয়ারি বলে জানা গেছে।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। ভবিষ্যতে র্যাব-৪ এর ক্যাসিনোসহ অনলাইন ক্যাসিনো বিরোধী নজরদারি এবং সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
