সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শুরু হলো ‘পাঠচক্র’॥ বই পড়ার আলোয় আলোকিত হবে ক্যাম্পাস

সাভার, ১৫ জুন, ২০২৬ (বিবিনিউজ):‘পাঠচক্র, পড়লে বই, আলোকিত হই’ এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে যাত্রা শুরু করল ‘পাঠচক্র’। সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক সূচনা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম ফজলুল হক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক কে এম আবু এহসান আল-মামুন এবং পাঠচক্রের আহ্বায়ক ইব্রাহিম আজাদ। নবীন-প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় অনুষ্ঠানস্থলটি এক মিলনমেলায় পরিণত হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল হামিদ মোল্লা বলেন, “১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী কলেজে বর্তমানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে, যার মধ্যে কেবল অনার্স পর্যায়েই ভর্তি হয়েছে ১৮ শতাধিক শিক্ষার্থী। এত বিপুলসংখ্যক শিক্ষার্থী নিয়ে দেশের অন্য কোনো উপজেলায় কলেজ নেই। জাতীয় পর্যায়েও আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সময় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “বই পড়ার পাশাপাশি নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে। ক্যাম্পাসে মার্জিত আদব-কায়দা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। মাদকের ভয়াল থাবা থেকে নিজেদের দূরে রেখে সুন্দর জীবন গড়তে হবে এবং সুস্থ থাকার জন্য বই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও অংশ নিতে হবে।”


প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, “শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞান অর্জনে উৎসাহিত করতে হবে। এই কলেজের মতো নির্বাচনী এলাকার অন্যান্য স্কুল-কলেজেও পর্যায়ক্রমে পাঠচক্র চালু করা হবে।” তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলার গুরুত্ব বোঝাতে গিয়ে মাদকের করাল গ্রাস থেকে দূরে থাকার শপথ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি নিজের লেখা ১৭টি বই থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে বই উপহার দিয়ে পাঠচক্রের সদস্যদের বরণ করে নেন। এ সময় কলেজের ১২টি বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এর আগে, একই প্রাঙ্গণে ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’ আয়োজিত ‘আমার রক্ষক আমি ,আমিই অনন্যা’ শিরোনামে সচেতনতামূলক ক্যাম্পেইনে শতাধিক ছাত্রীর হাতে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি। এতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, টিস্যু অ্যান্ড হাইজিন ব্র্যান্ডের সিনিয়র নির্বাহী জশুয়া কুয়াহ, ব্র্যান্ড ম্যানেজার ইসরাত জাহান, প্রেসিডেন্ট মেহরিন ও নির্বাহী সদস্য সাবরিনা নওরীন লিমু।

Related posts

Leave a Comment