
ষ্টাফ রিপোর্টার,১৫ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. মঞ্জুরুল করিম মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বাস করতেন মঞ্জুরুল করিম। তিন-চার দিন ধরে তিনি অসুস্থতা বোধ করছিলেন। তাঁর হালকা জ্বর ও প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। সোমবার তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠান। সাভারের ঐ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হয়েছে।
মঞ্জুরুল করিমের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
