মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নিজ বাড়িতে শনিবার গভীর রাতে এ হামলার শিকার হন তিনি।
গুরুতর আহত অবস্থায় এনায়েতকে (৩৫) কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা জানান, রাত দুইটার দিকে একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে করে ১০/১২ জন মুখোশধারী এনায়েতের বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে এনায়েতের ঘরের জানালা ভেঙে রাম দা দিয়ে তার মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। এ সময় মেয়র তার বিছানায় থাকা শটগান দিয়ে গুলি করলে দুর্বৃত্তরা কয়েকটি হাত বোমা বিস্ফোরণ করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা মেয়রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। এনায়েত কালকিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
