চরফ্যাশনে ১৯২ পিস গুলি জব্দ, পুলিশের তথ্যদাতা আটক

atok2ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের খোর্শেদ আলমের বাড়ির পাশ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ১শ’ ৯২ পিস গুলি জব্দ করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে গতকাল শুক্রবার গভীর রাতে ওই গুলিগুলো জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের তথ্যদাতা মোফাক্কারুল ইসলাম মিশন (১৯) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।

ওই গুলি জব্দের ঘটনায় শশীভূষণ থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন বাদী হয়ে আজ শনিবার আটককৃত মোফাক্কারুল ইসলাম মিশন এবং তার মামা নুরুন্নবীকে আসামি করে মামলা দায়ের করেছেন। মোফাক্কারুল ইসলাম মিশন হাজারীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে এবং ভোলা সরকারি কালেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। শশীভূষণ থানার ওসি হানিফ সিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল গভীর রাতে শশীভূষণ থানার ওসিকে মোবাইল ফোন করে কলেজ ছাত্র মোফাক্কারুল ইসলাম মিশন জানান- হাজারিগঞ্জ খোর্শেদ আলমের বসতঘরে দুটি বস্তায় মোড়ানো চার হাজার পিস গুলিসহ অস্ত্র মজুত করা হয়েছে। তথ্য পেয়ে পুলিশ গভীর রাতে তথ্যদাতাকে নিয়ে খোর্শেদ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের বাইরে থেকে প্লাস্টিকের ছেঁড়া বস্তায় রাখা ১৯২ পিস গুলি জব্দ করে। অভিযান চলাকালে তথ্যদাতা মিশন মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তির সাথে দফায় দফায় কথা বলেন। কিন্তু কার সাথে কথা বলে এ বিষয়ে পুলিশকে তথ্য দিতে মিশন অস্বীকার করলে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ মিশনকে আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী জানা গেছে ওই অজ্ঞাত ব্যক্তি হচ্ছেন তার মামা নুরুন্নবী। নুরুন্নবী হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লালমিয়ার ছেলে এবং খোর্শেদ আলমেরর নিকটতম প্রতিবেশী। মিশনকে আটকের পর থেকে নুরুন্নবীর মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তিনি গা-ঢাকা দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান- খোর্শেদ আলম এবং নুরুন্নবী পরিবার পরস্পর আত্মীয়। দুটি পরিবারের মধ্যে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ আছে। ওই বিরোধের জের ধরে খোর্শেদ আলম পরিবারকে ফাঁসাতে নুরুন্নবী এই গুলির নাটক সাজিয়েছে। একাজে নুরুন্নবী তার কলেজপড়ুয়া ভাগ্নে মিশনকে ব্যবহার করেছে।

পুলিশ আরও জানায়- মিশনকে জিজ্ঞাসাবাদ এবং নুরুন্নবীকে গ্রেফতারের পর গুলির উৎস জানা যাবে। জব্দকৃত গুলির মধ্যে ১শ’ ৮৫টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি এবং ৭টি ব্যাপক ধ্বংসাত্মক কোন অস্ত্রের অ্যান্টি কার্তুজ। এই ৭টি গুলি ঠিক কোন ধরণের অস্ত্রে ব্যবহার করা হয় তা সম্পর্কে পুলিশ তাৎক্ষণিক কোন ধারণা দিতে পারেনি।

Related posts

Leave a Comment