জমি নিয়ে বিরোধের জের ধরে সাভারের আশুলিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন। সংঘর্ষের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বুধবার দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও বটতলা নতুনপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় আশুলিয়ার কুরগাঁও বটতলা নতুনপাড়া এলাকায় নিরব হোসেন, নাছির উদ্দিন’র সাথে ৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো হাবিবের সাথে। পরে বুধবার দুপুরে ওই জমিতে নিরব হোসেন, নাছির উদ্দিনের লোকজন গেলে হাবিবের ভাড়াটে সন্ত্রাসীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে তাদের সঙ্গে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহতরা হলেন মাসুদ রানা, পারভেজ হোসেন, নিশাদ হোসেন, মহিদুল ইসলাম, আশিক, সোহাগ, শাহরুখ, মনিরুল, চান বানুসহ আরো অনেকে।
পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা দেন। এ ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
