বকেয়া তিন মাসের বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে সাভারের আড়াপাড়া এলাকায় আব্বাস এ্যাপারেলন্স গার্মেন্টস এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায় আব্বাস এ্যাপারেলন্স গার্মেন্টস কাজ করেন প্রায় ছয় শতাধিক শ্রমিক। শ্রমিকদের জানুয়ারি,ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন দেওয়ার কথা ছিলো আজ মালিকপক্ষের। মালিকপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে কারখানার মুল ফটকে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে মুল ফটকে তালা দেখে বিক্ষোভ মিছিল করে কারখানার সামনে অবস্থান নেয়। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে থাকবেন বলে জানিয়েছেন।
এদিকে তিন মাসের বকেয়া বেতন না পাওয়ায় শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন বলে অভিযোগ করেন তারা। শ্রমিকদের দাবি বাড়িওয়ালারা তাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন ভাড়ার টাকার জন্য। এমন অবস্থায় তারা মানবেতর জীবন যাপন করছেন। বেতন না পাওয়ায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে মিছিল করেছে শ্রমিকরা
