চট্টগ্রামে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। বাঁশখালী উপজেলার পেকুয়া সীমান্ত এলাকায় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহত আসামি আব্দুল হাকিম মিন্টু (৩০) শেখেরখীল ইউনিয়নের টেকপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার আশেকুর রহমান জানান, ধর্ষণ মামলার আসামি মিন্টু বাঁশখালী-পেকুয়া সীমান্তে অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মিন্টু ও তার সহযোগিরা।
র্যাবও পাল্টা গুলি ছুড়লে বেশ কয়েকজন পালিয়ে যায়। পরে সেখান থেকে মিন্টুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র্যাব।
এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা।
১৮ এপ্রিল টেকপাড়া গ্রামের ওই শিশু বাড়ির পাশে জমিতে ধান কাটতে যায়। ওই সময় মিন্টু তাকে ধরে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় ২১ এপ্রিল বাঁশখালী থানায় ওই শিশুর বাবা বাদি হয়ে মিন্টুকে আসামি করে একটি মামলা করেছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও বাঁশখালী থানার এসআই রিটন চাকমা জানান, ধর্ষিত শিশুটি ওই স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
