সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে হামলা চালিয়েছে পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রায় ৬০ শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশের সঙ্গে এখনো শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখা’র ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করে। এ সময় সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। পথচারীদের হেঁটে চলাচল করতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ এ ধরণের স্লোগান দিতে থাকে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম অবরোধ তুলে নেয়ার চেষ্টা করলেও অবরোধ প্রত্যাহার করতে রাজি হয়নি শিক্ষার্থীরা। পরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নুরুল আলম অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেও ব্যর্থ হন। পরে শিক্ষার্থীদের উপর কাঁদনি গ্যাস ও টিয়াসেল ছুঁড়ে পুলিশ। এতে প্রায় ৬০ জনের অধিক শিক্ষার্থী আহত হয়। সবাইকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছত্রভঙ্গ করে দেওয়ার পরেও এখনো শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ভিতেরে অবস্থান নিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকার নাইন বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেও শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে পারি নাই। পরে পুলিশ তাদের সরাতে কাঁদনি গ্যাস ছোঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।’
