ঢাকা, ১৯ মার্চ : চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমিতে এবছর মোট ৮৪ জন ক্যাডেট প্রশিক্ষণশেষে গ্র্যাজুয়েশন ডিগ্রী অর্জন করেছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া মেরিন ফিশারিজ একাডেমি হতে নটিক্যাল সায়েন্স, মেরিন ইঞ্জিনিয়ারিং এবং মেরিন ফিশারিজ বিভাগ হতে ৩৬তম ব্যাচে মোট ৮৪ জন ক্যাডেট প্রশিক্ষণশেষে গ্র্যাজুয়েশন ডিগ্রী অর্জন করেছে। এরমধ্যে পুরুষ ৭৫ জন এবং মহিলা ৯ জন।
৩৬তম ব্যাচের সকল বিভাগের ক্যাডেটদের মধ্যে সেরা ও চৌকশ ক্যাডেট নির্বাচিত হয়ে নটিক্যাল বিভাগ হতে মোঃ মোজাম্মেল হক এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ইভা শীল গোল্ডমেডেল অর্জন করেছেন।
এছাড়া নটিক্যাল বিভাগের ক্যাডেট রাসেল ঠাকুর, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ মাঈনুদ্দীন লাভলু এবং মেরিন ফিশারিজ বিভাগের ক্যাডেট মোঃ এনামুল হক সেরা-মেধাবী ক্যাডেট নির্বাচিত হয়ে সিলভার মেডেল অর্জন করেন।
স্বাধীনতাত্তোর ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় তৎকালীন মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত এর তত্ত্বাবধানে ‘মেরিন ফিশারিজ একাডেমি’ প্রতিষ্ঠালাভ করে। মাত্র ৩০ জন ক্যাডেট নিয়ে একটি প্রশিক্ষণকেন্দ্র হিসেবে এর কার্যক্রম শুরু হয়। সমুদ্রগামী মৎস্য জাহাজের দক্ষ জনশক্তি গড়ার জন্য একাডেমি অগ্রণী ভূমিকা পালন করছে।
