ঢাকা, ১২ অক্টোবর : কমনওয়েলথ গেমসের স্মারক পতাকা হস্তান্তর করেছে কুইন্স ব্যাটন রীলে দল। বুধবার বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মাসুদ রানার কাছে তারা কমনওয়েলথ গেমসের স্মারক পতাকা হস্তান্তর করে এবং একটি ফটোসেশনে অংশ নেয়।
এর আগে সকাল ১১টায় কুইন্স ব্যাটন রীলে দল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট জাদুঘর পরিদর্শন করে। রীলে দলটি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দের উপস্থিতিতে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করে।
এ সময়ে কুইন্স ব্যাটন রীলে দলের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সহ-সভাপতি শেখ বশির আহমেদ ও উপ-মহাসচিব নজীব আহমেদ। আগামীকাল দুপুর দেড়টায় লংকান এয়ারলাইন্সে করে শ্রীলংকার উদ্দেশ্যে রওয়ানা হবে কুইন্স ব্যাটন রীলে দলটি।
কুইন্স ব্যাটনের স্মারক হস্তান্তর
