ভারতের অর্থমন্ত্রী ঢাকায় আসছেন আজ

ঢাকা, ৩ অক্টোবর : ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি মঙ্গলবার ঢাকায় আসছেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আমন্ত্রণে তিনি তিনদিনের এই সফরে আসছেন।

ভারতের অর্থমন্ত্রীর সাথে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব সুভাষ চন্দ্র গর্গ ও অন্যান্য উর্ধতন কর্মকর্তা এবং ভারতীয় শিল্প ও বণিক সমিতি (এফআইসিসিআই)-র ৩০ সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় আসছেন।

তিনদিনের সফরকালে অরুণ জেটলি বাংলাদেশের অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্যান্যের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের পরিমান বৃদ্ধি পেয়েছে।

দুই মন্ত্রী ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর এবং ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে গৃহীত অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারিত্ব উদ্যোগসমূহের অবস্থা পর্যালোচনা করবেন বলে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশকে সাড়ে ৪শো কোটি মার্কিন ডলারের ঋণরেখা ঘোষণা করা হয়। আগামী ৪ অক্টোবর ভারত ও বাংলাদেশের অর্থমন্ত্রীদের উপস্থিতিতে তৃতীয় ঋণরেখা বাস্তবায়নের জন্য চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

এর ফলে গত ৬ বছরে বাংলাদেশকে ভারতের মোট ঋণরেখা ৮শো কোটি ডলারে গিয়ে দাঁড়াবে। তৃতীয় ঋণরেখা চুক্তিটি স্বাক্ষরিত হলে বাংলাদেশের অগ্রাধিকারপ্রাপ্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হবে। এছাড়াও, দুই মন্ত্রীর উপস্থিতিতে বিনিয়োগসমূহের বৃদ্ধি ও সুরক্ষার জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তির উপর যৌথ ব্যাখ্যামূলক নোটসমুহ ও স্বাক্ষরিত হবে।

সফরকালে ভারতের অর্থমন্ত্রী পলিসি রিসার্চ ইন্সটিটিউট অফ বাংলাদেশ ও ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ‘ভারত সরকারের ম্যাক্রোইকনোমিক ইনিশিয়েটিভ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে যুগ্মভাবে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’ র ক্যাশলেস ভিসা সার্ভিস পরিচালনার একটি নুতন স্কিম সেবা উদ্বোধন করবেন অরুন জেটলি। দুই মন্ত্রী এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়ার ঢাকা কার্যালয়ও উদ্বোধন করবেন।

Related posts

Leave a Comment