স্টাফ রিপোর্টার,৯ জুন ২০২১(বিবিনিউজ ): সাভারের ভাকুর্তা এলাকায় ২০০ শতাংশ জমি দখল করতে গিয়ে গ্রেফতার হয়েছেন ৬ জন। তাদের বিরুদ্ধে জমির মালিক মোখলেছুর রহমান বাদি হয়ে সাভার মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। যা এই থানার ইতিহাসে এই অভিযোগে প্রথম মামলা।
পুলিশ জানায়, ওই জমিতে ওয়েস্টার কনস্ট্রাকশনের শিপিং কোম্পানি পরিচালিত হয়ে আসছে। কিছুদিন যাবত মামুন, রাজিব, আমজাদ হোসেন, বিজয়, রফিকুল ইসলাম ও সেলিমসহ বেশ কয়েকজন ওই জমি দখলের চেষ্টা চালায়। তাদের নেপথ্যে রয়েছেন সাদিকুর রহমান বকুল নামে এক ব্যক্তি। যারা সবাই ঢাকার বাসিন্দা। গতকাল উল্লেখিত ব্যক্তিরা তুরাগ মৌজার ৬৩ দাগের ওই জমি দখল করতে গেলে জমির মালিক এবং তার লোকজন বাধা দেয়। এসময় তারা ওই জমিতে থাকা বিভিন্ন ঘর বাড়ি ভাঙচুর করে। এসময় ভাকুর্তা পুলিশের সহায়তায় স্থানীয়রা ৬ জনকে আটক করে। তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, জমির মালিকের ভাতিজা জামাল হোসেন ও ভাড়াটিয়া আরিফ দখলদারদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হন। তখন তারা স্থানীয় জনতা এবং ফাঁড়ি পুলিশের সহায়তায় ছয়জনকে আটক করেন। আটককৃতদের গতকালেই আদালতে পাঠানো হয়েছে।
সাভারের ভাকুর্তায় জমি দখলের চেষ্টা করায় গ্রেফতার ৬
