১৭ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে ডাকাতির ঘটনায় ডাকাত দলের নেতা আনোয়ার দেওয়ানের স্ত্রী শাহানা আক্তার (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৪৪ হাজার ৮৪০ টাকা ও আনুমানিক ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।
তিনি বলেন, গত ৬ সেপ্টেম্বর মধ্যরাতে ঢাকার আশুলিয়া থানার ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বাজারে ১৭টি স্বর্ণের দোকানে একযোগে ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ৩০-৪০ জন সশস্ত্র ডাকাত স্বর্ণ-রুপার অলংকার এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। স্বর্ণ ও অর্থ মিলিয়ে আনুমানিক ১ কোটি ২ লাখ ৩২ হাজার টাকা লুট করা হয়। পরে ভুক্তভোগী ব্যবসায়ীদের পক্ষ থেকে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা (নম্বর-১৫) দায়ের করা হয়।
চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনাটি ছায়া তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর রাতে শাহানা আক্তারকে (২৪) মধ্য বাড্ডার একটি বাসা থেকে স্বর্ণ ও টাকাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার স্বামী মো. আনোয়ার দেওয়ান আন্তঃজেলা ডাকাত দলের নেতা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহানা স্বীকার করেন, তার স্বামী আনোয়ার দেওয়ান আন্তঃজেলা ডাকাত দলের নেতা। দীর্ঘদিন ধরে তিনি তার দলের অন্যান্য সদস্যকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে টাকা, স্বর্নালঙ্কার ও মূল্যবান সামগ্রী ডাকাতি করে আসছেন। ডাকাতি করা মূল্যবান সামগ্রী তার কাছে জমা রাখতো স্বামী।
মুক্তা ধর জানান, নয়ারহাট বাজারে ডাকাতির ঘটনায় অন্যান্য আন্তঃজেলা ডাকাত সদস্যদের চিহ্নিত করে দ্রুততম সময়ে গ্রেপ্তার ও লুট হওয়া স্বর্ণ ও স্বর্ণ বিক্রির টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
