১৭ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ):ধামরাইয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতারধামরাইয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
ঢাকার ধামরাইয়ে ১৭ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি ফিরোজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কিছুদিন আগে দেশে আসেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে তাকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ।
পরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। গ্রেফতার ফিরোজ ধামরাই উপজেলার শরিফবাগ গ্রামের হাবিবুর রহমান হাবির ছেলে।
জানা গেছে, ১৭ বছর আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে তৈবুর রহমানকে ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে ধামরাই পৌরসভার সীমা সিনেমা হলের সামনে ছুরিকাঘাত করে ফিরোজ আলম। এতে ঘটনাস্থলেই নিহত হন তৈবুর রহমান। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা।
এ মামলায় কিছুদিন পালিয়ে থেকে ফিরোজ আলম সৌদি আরবে চলে যান। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সৌদি আরবে ১৭ বছর অবস্থান করার পর কিছুদিন আগে দেশে আসেন ফিরোজ। পরে গোপন সংবাদের ভিত্তিতে কালামপুর সাব রেজিস্ট্রি কার্যালয়ের পেছন থেকে ফিরোজ আলমকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফিরোজ আলমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
