স্টাফ রিপোর্টার,২ জুন ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ার একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধসহ ছয়জন গুরুতর আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বুধবার সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোডের হুমায়ন কবিরের বাড়িতে এঘটনা ঘটে।
এদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।দগ্ধরা হলেন- ওই বাড়ির ভাড়াটিয়া মো. আউয়াল (৩৫), তার ১০ বছরের মেয়ে আফিয়া, স্ত্রী রেনু বেগম (২৫) এবং আরেক ভাড়াটিয়া আফরোজা বেগম (২৬)। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে হাকিম মিয়া (৪০) ও আদুরি বেগম (২৭) আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন পোশাক শ্রমিক এবং আফরোজা নতুন ভাড়াটিয়া। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী জানায়,সকালে ওই বাড়িতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে ওই এলাকার হুমায়ুনের এক তলা বাড়িতে রান্নার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় সমাজভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের চারজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪ এর সকারী পরিচালক মোঃ আব্দুল আলিম বলেন,কিভাবে গ্যাস লাইন বিস্ফোরণ ঘটেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমরা ভোর ৫টায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে গিয়ে আমরা আগুন ও রোগী কাউকেই পাইনি। তারা একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে আমরা তাদের ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেই। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪
