১৯ মে ২০২১(বিবিনিউজ ):দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিন ছিল ৩০ জন। তার আগের দুই দিন এই সংখ্যা ছিল যথাক্রমে ৩২ ও ২৫।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় ২০ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৩। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ১ হাজার ২৭২ জন, হার ছিল ৭ দশমিক ৫৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭।
সর্বশেষ করোনায় মৃত ৩৭ জনের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। এঁদের মধ্যে ঢাকায় মারা গেছেন ১৬ জন, চট্টগ্রামে ১৫ জন, খুলনা ও সিলেটে দুজন করে এবং রংপুরে একজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৪ জনই ষাটোর্ধ্ব।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ২৪৮ জন।
