০৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):বরিশালে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় মাস্ক না পরায় ২৬ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৪ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে করোনা সংক্রমণ রোধে জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হয়। বিনা মূল্যে বিতরণ করা হয় মাস্ক। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এবং আরাফাত হোসেনের নেতৃত্বে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম নগরের নতুন বাজার ও কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১৫ ব্যক্তি এবং মাস্ক না পরা লোকজনকে স্থান দেওয়ায় ২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ১৫০ টাকা জরিমানা করে।
অপর দিকে আরাফাত হোসেনের ভ্রাম্যমাণ আদালত নগরের নথুল্লাবাদ ও চৌমাথা এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১১ জন ব্যক্তির কাছ থেকে ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।
