১৭ অক্টোবর,২০২২(বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সম্ভাব্য বৈশ্বিক দুর্ভিক্ষ বা খাদ্যসংকট থেকে বাংলাদেশকে রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়াতে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে ‘বিশ্ব খাদ্য দিবস ২০২২’ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গণভবন থেকে যুক্ত হয়ে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জিসিআরজির প্রথম উচ্চপর্যায়ের বৈঠকে ভাষণ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আবারও অনুরোধ করছি, কোনো খাদ্যের অপচয় নয়, যার যেখানে যতটুকু জমি আছে, তা চাষের আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়ান। সারা বিশ্বে যে দুর্যোগের আভাস আমরা পাচ্ছি, তা থেকে বাংলাদেশকে সুরক্ষিত করুন। আমি বিশ্বাস করি, সকলের প্রচেষ্টায় এটা করা সম্ভব।’
শেখ হাসিনা বলেন, ‘পুষ্টিকর খাদ্য, সুষম খাদ্য, নিরাপদ খাদ্য—এটাই আমরা নিশ্চিত করতে চাই, যা আমাদের দেশের মানুষ কেবল নয়, সারা বিশ্বের মানুষেরই এটা একান্তভাবে প্রয়োজন।’
খাদ্যের চাহিদা কোনো দিন কমে না, বরং বাড়ে—এ কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কাজেই আমি যত উৎপাদন বৃদ্ধি করতে পারি, আর যত বেশি খাদ্য চাহিদা মেটাতে পারি, ততই আমাদের মঙ্গল হবে বলে আমি বিশ্বাস করি। যেটা আমাদের অর্থনীতিতেও বিরাট অবদান রাখতে পারে।’
নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টির চাহিদা পূরণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, ‘সেই সঙ্গে আমি বলব, সুষম খাদ্য গ্রহণ করা, খাদ্যের অপচয় বন্ধ করা, উদ্বৃত্ত খাদ্য সংরক্ষণ ও পুনর্ব্যবহারের ব্যবস্থা করতে হবে। তা ছাড়া সারা দেশে গড়ে তোলা ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাতে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পও গড়ে ওঠে, সেই বিষয়টাতেও আমরা গুরুত্ব দিচ্ছি।’
