সাভার মডেল কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন অধ্যক্ষসহ তিন শিক্ষক


স্টাফ রিপোর্টার ,১৯ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):ঢাকা জেলার ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন অধ্যক্ষসহ তিন শিক্ষক।
সকালে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তারা। এর আগে, সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন প্রায় দেড় হাজার শিক্ষার্থী।
পদত্যাকৃতরা হলেন- জোরপূর্বক অধ্যক্ষের পদে থাকা ভূগোল বিভাগের প্রভাষক আলী হোসেন, দর্শন বিভাগের হোসাইন মোহাম্মদ রানা এবং ইসলাম শিক্ষা বিভাগের রমজান আলী। এছাড়া বিতর্কিত কর্মকান্ডের সহযোগিতার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ক্রীড়া শিক্ষক ফিরোজ আলম ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগের শাসনামলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সহযোগিতায় কলেজটিকে জিম্মি করেন কতিপয় কয়েকজন শিক্ষক। প্রতিষ্ঠাকালীন সময় থেকে ২৬ বছর ধরে অধ্যক্ষের পদে দায়িত্বরত মো. তৌহিদ হোসেনকেও চাকরিচ্যুত করেন তারা। জোরপূর্বক প্রতিষ্ঠানটির কর্তৃত্ব দখল করেন ভূগোল বিভাগের প্রভাষক আলী হোসেন, দর্শন বিভাগের প্রভাষক হোসাইন মোহাম্মদ রানাসহ তাদের অনুসারী শিক্ষকরা। তাদের ছত্রছায়ায় কলেজে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ছাত্রলীগের দলীয় কার্যক্রম।
সম্প্রতি জোরপূর্বক অধ্যক্ষের পদ দখল করে নেন ভূগোল বিভাগের প্রভাষক আলী হোসেন। অধ্যক্ষের পদে বসেই তিনি জড়িয়ে পড়েন একের পর এক বিতর্কিত কর্মকান্ডে। বিভিন্ন অভিযোগে কলেজ থেকে একাধিকবার বহিষ্কৃত ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হিসেবে রমজান আলীকে আবারও নিয়োগ দেন তিনি।

Related posts

Leave a Comment