স্টাফ রিপোর্টার ,১৯ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে এক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষক- শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে শিক্ষার্থীদের বিক্ষোভ। তারা পৌর শহরের তিনটি রাস্তা বন্ধ করে এ বিক্ষোভ মিছিল করে। তাঁদের দাবি দুর্নীতিবাজ,স্বেচ্ছাচারিতায় স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তিনি সীমাহীন দুর্নীতি করে স্কুলের পরিবেশ নষ্ট করেছেন। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রবিবার প্রধান শিক্ষক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষকেরা। ঘটনাটি ঘটেছে ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা বেগমের বিরুদ্ধে।

বিদ্যালয়ের শিক্ষক সাইফুল্লাহ খান, আনোয়ার হোসেন,মনির হোসেন ও সুরমা বেগমসহ একাধিক শিক্ষকরা বলেন, ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওম্মে হাবিবা বেগমের দুর্নীতি,স্বেচ্ছাচারিতা ও অত্যাচারের শিকার হয়ে প্রতিষ্ঠানটির সকলেই চরমভাবে ক্ষতিগ্রস্ত। প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও তার রোষানলে পড়ে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত এবং প্রাপ্য বেতন ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। তাঁর প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা নেই বলে তাঁরা অভিযোগ করেন। সাবেক সিনিয়র শিক্ষক সালমা বেগম বলেন,প্রধান শিক্ষকের ষড়যন্ত্রে তার পাঁচ লক্ষ টাকা এখনো দেওয়া হয়নি। এ বিষয়ে মামলাও করেছেন বলে জানান তিনি।
শিক্ষার্থীরা বলেন,প্রধান শিক্ষক ঠিক সময়ে বিদ্যালয়ে আসেন না। তিনি অনেক সময় আগেই ছুটি দিয়ে দেন। বিদ্যালয়ের তহবিলে টাকা জমা না রেখে তিনি নিজের কাছে রেখে দেন। পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ারও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক ওম্মে হাবিবা বেগম বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতার বিষয়ে তিনি বলেন, যোগ্যতা আছে বলেই আমি হাইকোর্ট থেকে রায় পেয়েছি।
