
০৭ মার্চ ,২০২০(বিবিনিউজ):পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, করোনাভাইরাস সারা বিশ্বে বড় রকমের আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এ ভাইরাসের প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখনো বাতিল হয়নি।আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদ্যাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে। তবে এখন পর্যন্ত কেউই সফরসূচি বাতিল করেননি। শুধুমাত্র একজন অতিথি অন্য কারণে আসতে পারবেন না বলে জানিয়েছেন। এ ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ। আমরা অত্যন্ত সতর্কতা মেনে চলছি। আমন্ত্রিত অতিথিরা সবাই আসবেন বলে আমার ধারণা।’
