কুমিল্লায় বাসচাপায় বাবা-ছেলে নিহত

কুমিল্লায় একটি বাসের চাপায় বাবা ও তার স্কুলপড়ুয়া শিশু পুত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলমপুর হকগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আটটার দিকে আলমপুর হকগড়া গ্রামের হাজী আবদুল গফুরের পুত্র নাসির উদ্দিন (৩৮) তার শিশুপুত্র প্লে-শ্রেণিতে পড়ুয়া নিহনকে (৭) কোটবাড়ি এলাকার কিন্ডার গার্টেন স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাড়ি সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিশা পরিবহনের যাত্রীবিহীন দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই মারা যান নিহন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং গুরুতর আহত নিহনের পিতা নাসির উদ্দিনকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান। নিহত নাসির উদ্দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বস্থ ওই এলাকার হোটেল উজালার মালিক।

স্থানীয়রা জানায়, তিশা পরিবহনের ওই বাসে কোনো যাত্রী ছিল না, হেলপার বেপরোয়া গতিতে বাসটি চালিয়ে ক্যান্টনমেন্ট এলাকায় বাসস্ট্যান্ডের উদ্দেশে যাচ্ছিল। এ দুর্ঘটনায় পিতা-পুত্র নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাইওয়ে পুলিশের ময়নামতি থানার এসআই এখলাছুর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে, চালক পালিয়ে গেছে।

Related posts

Leave a Comment