৯ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ):ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশনের নতুন নিয়ম বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে ঢাকা কলেজের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে প্রমোশনের এই নতুন নিয়মটি বাতিলসহ ছয় দফা দাবি জানান তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, নতুন এই নিয়মের ফলে পরীক্ষার খাতার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা গণহারে অকৃতকার্য হচ্ছেন। এ ছাড়া দাবি মানতে তিন দিনের সময় বেঁধে দেন তারা। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বড় আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সিজিপিএ ২, ২.২৫, ২.৫০ পয়েন্টে পরবর্তী বর্ষে প্রমোশনের নিয়ম বাতিল করতে হবে এবং সর্বনিম্ন তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশনের দিতে হবে; স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষা এক মাসের মধ্যে নিতে হবে এবং তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অতি দ্রুত নিয়ে ফল প্রকাশ করতে হবে; ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অতি দ্রুত পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে হবে; সব বর্ষের ফলাফল সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে, একটি শিক্ষাবর্ষে একাধিক বর্ষের শিক্ষার্থী রাখা যাবে না; ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের চলমান বিশেষ পরীক্ষা অতি দ্রুত নিয়ে এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হবে এবং সব মানোন্নয়ন পরীক্ষা অতি দ্রুত নিতে হবে ও ডিগ্রি-স্নাতক-স্নাতকোত্তরসহ সব বর্ষের ফলাফলে শিক্ষার্থীদের গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুনর্মূল্যায়ন করতে হবে।
মানববন্ধনে অংশ নেওয়া ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র শাহরিয়ার মাহমুদ বলেন, ‘পরীক্ষার ১১ মাস পর আমাদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এখন জানতে পারছি আমরা পরবর্তী বর্ষে প্রমোশন পাইনি। ফলাফলে গণহারে ফেল এসেছে।‘
উল্লেখ্য, ঢাকার সাতটি সরকারি কলেজকে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
