
ষ্টাফ রিপোর্টার,৭ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে আশুলিয়া প্রেসক্লাবের সামনে ১১’শ শ্রমিকের বেশ কয়েক মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ডিইপিজেডের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেয় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেডের) এ ওয়ান বিডি লিমিটেড কারখানা কতৃপক্ষ ১১’শ শ্রমিকের বেশ কয়েক মাসের বকেয়া বেতন-ভাতা নিয়ে তালবাহানা করছে। এমনাবস্থায় করোনার প্রাদুর্ভাবের সময় অর্থসংকটে নানা মানবেতর দিন পার করছেন শ্রমিকরা। ডিইপিজেড ও বেপজা কতৃপক্ষের আশ্বাসে প্রায় ১৭ বার শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা থাকলেও তা হয়নি। পরে বাধ্য হয়ে বিভিন্ন সময় শ্রমিকরা আন্দোলন করলেও সুরাহা মেলেনি, উল্টো শ্রমিক ছাঁটাই করে কতৃপক্ষ।
এমন অবস্থায় বকেয়া পাওনাদি ও চাকরি ফিরে পেতে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছেন বলেও জানান বক্তারা।
এবিষয়ে ডিইপিজেডের জেনারেল ম্যানেজার আব্দুস সোবাহান বলেন,শ্রমিকরা এক মাস ১৮ দিনের বকেয়া বেতন পাবেন। এদিকে ওই পোশাক কারখানাটি লোকসামের মুখে বর্তমানে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে সেই সাথে কারখানাটির বিদ্যুৎ,গ্যাসসহ সব কিছু বিছিন্ন করে দেওয়া হয়েছে।
উক্ত কর্মসূচিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তসলিমা আক্তার লিমা ও বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারশনের সভাপতি অরবিন্দু বেপারীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
