
ষ্টাফ রিপোর্টার,৭ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে নানির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মরিয়ম আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সকালে ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের গাজীখালি নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম আক্তার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চৌধুরী ঘুঘাট এলাকার ফরিদুল ইসলামের মেয়ে। তারা ধামরাইয়ের হাতকোড়া গ্রামের লাবলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
গাংগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা জানান, সকালে নানির সঙ্গে গাজীখালি নদীতে গোসল করতে গিয়ে তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায় মরিয়ম। পরে স্থানীয় লোকজন খোঁজাখুজি করতে থাকে। প্রায় আধা ঘণ্টা পর মরিয়মের লাশ নদীতে ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
