নরসিংদীর শিবপুরে দোকানে ঢুকে মকবুল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রবিবার রাতে শিবপুর উপজেলার বন্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে রামদা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পাঁচ/ছয়জনের একটি দল মকবুলের দোকানে হামলা চালায়। তিনি কোন কিছু বুঝে উঠার আগেই অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে এসময় তার মাথা ফেটে দু’ভাগ হয়ে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়। ওই সময় তারাবি ও আইপিএল’র ফাইনাল খেলা দেখতে বাজারে অধিকাংশ ব্যবসায়ীরা ব্যস্ত ছিলেন। এ সুযোগে হামলা চালিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বিশেষ সূত্রে জানা গেছে, মকবুল উপজেলার তাতারকান্দি গ্রামের আবদুল মোতালিব মিয়ার ছেলে।তিনি এলাকার একজন চিহ্নিত ডাকাত ছিলেন। তিনি ২০০৫ সালের চাঞ্চল্যকর তুফাচাঁন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মকবুলের নামে ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। দীর্ঘদিন কারাভোগের পর গত বছর জামিনে মুক্তি পেয়ে বন্যার বাজারে মোবাইল সামগ্রীর দোকান নিয়ে বসেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। আজ সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে আমরা ধারণা করছি।’
