ষ্টাফ রিপোর্টার,সাভার,২২ জুন ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার সাভারে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-এর ‘মৌ টেলিকম’ এজেন্ট শাখার উদ্যোগে বার্ষিক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, সেবার মান উন্নয়ন ও আধুনিকায়ন, হিসাব পরিচালনা, সঞ্চয় ও ঋণ কার্যক্রম বৃদ্ধি এবং এজেন্ট শাখার কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরণের সমাবেশের আয়োজন করা হয়। এজেন্ট মালিক ও গ্রাহকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টিই এই সভার মূল লক্ষ্য।

সাভারের চৌরঙ্গী সুপার মার্কেটের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মৌ টেলিকমের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন সোহাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ডাচ-বাংলা ব্যাংকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ। তিনি বলেন, “আমরা কোনো গ্রাহককে আলাদাভাবে দেখি না, কারণ ডাচ-বাংলা ব্যাংকের প্রতিটি গ্রাহকই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এজেন্ট মালিকদের যেকোনো সমস্যা সমাধানে আমার দরজা সবসময় খোলা। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।” প্র

ধান অতিথি সমাবেশের উপস্থিত গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ধারাবাহিকভাবে এজেন্ট মালিকদের গ্রাহকদের নিয়ে এমন সভা আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাভার এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, সিনিয়র সেলস ম্যানেজার রেজোয়ানা সুলতানা রাফি, ট্রেনিং মার্কেটিং (লোন) অফিসার মোঃ সুলতান মাহমুদ, করপোরেট অফিসার নূর –এ-আলম এবং সাভার ব্যাংক কলোনির এইচবিসি এজেন্ট শাখার সিইও ও সিনিয়র সাংবাদিক শেখ বাশার প্রমুখ।
