দিয়া ইসলাম , সাভার : সাভারে পণ্যবাহী ট্রাকচাপায় তসলিম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় ওই যুবক বলিয়ারপুর থেকে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে সাভারে আসছিলেন। এসময় ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়।
স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গাড়িটি সড়িয়ে নিলে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে আসে।
সাভার মডেল থানার এসআই দীপঙ্কর বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
