সাভারে সুতা কারখানায় আগুন

agunসাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সুতার ফিতা তৈরির এক কারখানা। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই কারখানার আশেপাশের কয়েক হাজার বাড়িঘর।

সাভারের গেন্ডা রাজাবাড়ি এলাকার লাইফ লাইন এক্সেসরিজ কারখানায় বুধবার সকালে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ওই সুতার ফিতা তৈরির কারখানায় কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। এ সময় হঠাৎ করে ওই কারখানায় আগুন ধরে যায়। মুহুতের মধ্যে আগুন পুরো টিনসেড কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত পাঁচ শ্রমিক। এদিকে আগুনে ওই কারখানার সমস্ত মালামাল ও মেশিন পুড়ে গেছে। ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কতৃপক্ষ।

এদিকে শ্রমিকরা জানিয়েছে, একটি ম্যাচের কাঠি জ্বালানোর সময় ওই কারখানায় আগুন ধরে যায়।

এলাকাবাসীর অভিযোগ, ঘনবসতি এলাকার মধ্যে ওই কারখানার মালিক সাইফুল ইসলাম কারখানাটি অবৈধভাবে গড়ে তুলেছেন। ওই কারখানার আশেপাশে রয়েছে কয়েক হাজার বাড়িঘর। অল্পের জন্য রক্ষা পেয়েছে বাড়িঘরগুলো।

খবর পেয়ে সাভার শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ।

Related posts

Leave a Comment