চারদিনে পদ্মাবতের ঘরে ১০০ কোটি রুপি

dipika-poddaমুক্তির আগে তুমুল বিতর্ক। দীর্ঘ আইনি জট কাটিয়ে শেষ পর্যন্ত গত ২৫ জানুয়ারি চারটি রাজ্য বাদে ভারতজুড়ে মুক্তি পায় ‘পদ্মাবত’।

রণবীর সিং-দীপিকা পাড়ুকোন-শাহিদ কাপূরের এই ছবি যে দর্শকের মন জয় করে ফেলেছে, তার প্রমাণ ছবির বক্স অফিস সাফল্য। মাত্র চার দিনে প্রায় ১০০ কোটি রুপি আয়ের ফলক ছুঁয়ে ফেলেছে সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবত’।

বলিউডের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ রবিবার টুইটে জানান, আজই সেঞ্চুরি ক্লাবে ঢুকে পড়বে ‘পদ্মাবত’। ভারতীয় বিশেষজ্ঞদের মতে, ২৪ জানুয়ারির ‘পেড প্রিভিউ শো’র এক দিন পর, প্রজাতন্ত্র দিবসের ছুটি ছিল। এরপরই শনি ও রবিবার। ফলে একটা লম্বা ছুটির দিন পেয়েছে ‘পদ্মাবত’।

পাশাপাশি, শুটিং পর্ব থেকে বিতর্ক শুরু হওয়ায় এমনিতেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল ছবিটিকে ঘিরে। তাই ‘পদ্মাবত’-এর ভাল ব্যবসা করার এটাও একটা বড় কারণ বলে মনে করা হচ্ছে।

তরণ আদর্শের টুইট এবং বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতে এই ছবি চার দিন পূর্ণ হওয়ার আগেই ব্যবসা করেছে ৮৩ কোটি রুপির। সেই হিসেব থেকে বলা হচ্ছে, ইতিমধ্যেই ১০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘পদ্মাবত’।

Related posts

Leave a Comment