কক্সবাজার, ১৬ অক্টোবর : কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার সাগরে রোহিঙ্গাবাহী আরো একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার নারী ও চার শিশুসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোররাত চারটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছে।
টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান জানান, সোমবার ভোরে টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপের ডাঙ্গাপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধারে নেমেছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে আট রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিন মাধ্যমে তারা রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যাওয়ার খবর জানতে পেরেছেন।
গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সেদেশের সেনাবাহিনী মুসলিম রোহিঙ্গাদের দমন অভিযান শুরুর পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে থেকে বাংলাদেশে রয়েছে আরও চার লাখের বেশি রোহিঙ্গা। এর মধ্যে ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সাগরে রোহিঙ্গাবাহী ২৬টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাডুবিতে এ পর্যন্ত ১৮০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭৯ জন রোহিঙ্গা। অন্য জন বাংলাদেশি নৌকার মাঝি। রোহিঙ্গাদের লাশের মধ্যে ৯০ জন শিশু, ৬০ জন নারী ও ২৯ জন পুরুষ।
