ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে বাবা ঈমান আলীকে (৭৫) হত্যার দায়ে ছেলে আনোয়ার হোসেনকে (৪০) আজ দুপুরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ময়মনসিংহের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবির এ রায় দেন।
জানা যায়, ২০১৩ সালের ৪ জানুয়ারি রাত সাড়ে ৭ টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন ঈমান আলী (৭৫)। এ সময় আনোয়ার হোসেন তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় ঈমান আলীর আরেক ছেলে জবান আলী দু’দিন পর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় বাদীসহ ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
মামলার আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম চুন্নু জানান, এ রায়ের বিরুদ্ধে আসামি যদি উচ্চ আদালতে আপিলে যান তবে সাক্ষ্যপ্রমাণে যেসব অসঙ্গতি রয়েছে সেসব বিবেচনা করে উচ্চ আদালত আসামিকে দণ্ড থেকে অব্যাহতি দিতে পারেন।
মিতু/বিবি নিউজ/১৪৩৯
