ডেস্ক রিপোর্ট : সাভারে বিভিন্ন বাসা বাড়িতে প্রভাবশালীদের দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে সাভার সদর ইউনিয়নের দক্ষিণ কলমা এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ মহা-ব্যবস্থাপক প্রকৌশলী আবিবির নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৫০ জন শ্রমিকের একটি দল অংশ নেয়।
এলাকাবাসী জানায়, গত কয়েক মাস আগে সাভারের দক্ষিণ কলমা এলাকায় ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় প্রভাবশালী ব্যক্তিরা। দুপুরে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকার প্রায় তিন হাজার পরিবারের মধ্যে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। ওই এলাকায় গ্যাস বন্ধ করে তিনটি মুল পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় দুই ইঞ্চি ১৮ ফুটের কয়েকশ পাইপ উদ্ধার করা হয়। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেওয়া হয়।
এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন সাভারে সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত চলবে। অবৈধ গ্যাস সংযোগকারীর বিরুদ্ধে সাভার থানায় মামলা করা হবে। এদিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
এসময় সাভার তিতাস গ্যাস অফিসের প্রকৌশলী উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মমতাজুল ইসলাম, সহ উপ প্রকৌশলী সুমন দাস, সহ ব্যবস্থাপক আনিসুজ্জামান ও আব্দুস সামাদ।
মিতু/বিবি নিউজ/১২৩৬
