ডেস্ক রিপোর্ট: সাভারে ছয় দিনের এক কন্যা শিশুকে গলা টিপে হত্যা করেছে মা। আজ বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় গত ছয়দিন আগে ব্যাংক কলোনী এলাকার গৌরাঙ্গা দাসের স্ত্রী অঞ্জনা একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে পারিবারিক কলহ নিয়ে আজ সকালে ওই নারীর সাথে তার স্বামীর প্রচন্ড ঝগড়া হয়। পরে দুপুরে নিজ ভাড়া বাড়িতে ওই কন্যা সন্তানকে তার মা গলা টিপে হত্যা করে। খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরা ওই শিশুর লাশ উদ্ধার করেছে। ওই দম্পতির আরও তিনটি মেয়ে সন্তান রয়েছে। এলাকাবাসীর ধারনা অভাবের তারনায় ওই নারী তার শিশুকে হত্যা করে থাকতে পারে। নিহত ওই শিশুটির গলায় দাগ রয়েছে। শিশুটির বাবা আশুলিয়ার দোসাইদ এলাকায় একটি কামারের দোকানে কাজ করতেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মিতু/বিবি নিউজ/১২৩৫
