সাভার প্রেসক্লাব সাধারন সম্পাদকের উপর হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন

Mithun_sorker-স্টাফ রিপোর্টার , সাভার প্রেসক্লাবের সাধারন সম্পাদক, ৭১ টিভির সাংবাদিক ও মাদক বিরোধী জোটের সভাপতি মিঠুন সরকারের উপর হামলার তিব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন । মিঠুন সরকারসহ সাভারের বিভিন্ন সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন সংগঠনের নেতারা।উল্লেখ, আজ ষষ্ঠধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে ঢাকার সাভার উপজেলার বিভিন্ন এলাকায় যান মিঠুন সরকার। দুপুরের দিকে ধরেন্ডা এলাকায় ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে একদল দুর্বৃত্ত মিঠুন সরকারের উপর হামলা চালিয়ে তাকে ধাওয়া করে। তিনি ধরেন্ডা খৃষ্টান পাড়ায় এসে আশ্রয় নিলে সেখানেও দুর্বৃত্তরা এসে তাঁকে লাঠি দিয়ে এলোপাথারী পেটাতে থাকে এবং ধরে নিয়ে একটি ঘরের বাথরুমে প্রায় ১ ঘন্টা আটকে রাখে। এলাকাবাসী ও পুলিশের সহায়তায় পরে তিনি মুক্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান।

এ ব্যাপারে মিঠুন সরকার বলেন, ঐ এলাকায় ভোটকেন্দ্রে খৃষ্টান সম্প্রদায়ের উপর হামলার চিত্র ধারন করতে গেলে হঠাৎকরেই দুর্বৃত্তরা তার উপর চড়াও হয়। খৃষ্টান পাড়ায় আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি। বর্তমানে অসুস্থ হয়ে কাঁতরানো ছারা আর কোন পথ নেই।

এ ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন ( বোমা ), বাংলাদেশ মফস্বল সাংবাদিক কল্যান গোষ্ঠি, বাংলাদেশ সাংবাদিক সমিতি, সাভার প্রেসক্লাব, আশুলিয়া প্রেসক্লাব, মাদক বিরোধী জোট, সিএনআই নিউজ, বিবি নিউজ সার্ভিস, স্বদেশী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন ( বোমা ) ‘র  নির্বাহী সভাপতি সৌমিত্র দেব বলেন, নির্বাচনী এলাকায় পেশাগত কাজে সাংবাদিকদের বাঁধা প্রদান ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার না হলে আগামীতে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠবে। এতে করে দেশ ও জাতির ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, সাভারে এর আগেও সাংবাদিকদের উপর হামার ঘটনা ঘটেছে। কোন হামলার সুষ্ঠু বিচার আজ অবধি হয়নি। মিঠুন সরকারের উপর হামলার বিচার না হলে সাংবাদিক সমাজ কলঙ্কিত হবে।

সাভার প্রেসক্লাবের সভাপতি তুহিন খান, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয়, সিএনআই নিউজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোমানা রুমি, বিবি নিউজ সার্ভিসের প্রকাশক শেখ বাশার, স্বদেশী শিল্পী গোষ্ঠীর সভাপতি নাজিম স্বদেশীসহ বিভিন্ন সংগঠনের নেতারা মিঠুন সরকারসহ সাভারে সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করেছেন।

Related posts

Leave a Comment