চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষে আহত ২ জন হাসপাতালে


১৭ আগস্ট ২০২১(বিবিনিউজ ):রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত তেজগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টগরসহ (৪৫) দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত অন্যজন হলেন বিএনপি কর্মী আবুল কালাম আজাদ (৬২)। তাঁরা দুজনেই ছররা গুলিতে আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে চিকিৎসা নিতে তাঁরা হাসপাতালের জরুরি বিভাগে যান। তবে তাঁদের আঘাত গুরুতর নয়।

আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন ফারুক হোসেন নামের এক ব্যক্তি। তিনি জানান, পূর্বঘোষণা অনুযায়ী সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতা-কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে তাঁরা ছররা গুলিতে আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত ব্যক্তিরা হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তাঁরা কীভাবে আহত হলেন এবং তাঁদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

বিএনপির কয়েক নেতা-কর্মী জানান, বেলা পৌনে ১১টার দিকে বিএনপির মহানগর উত্তরের কমিটির সদস্যসচিব ও জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হকসহ কিছু নেতা-কর্মী উদ্যানে জড়ো হন। তখন পুলিশ তাঁদের ভেতরে যেতে বাধা দেয়। এ সময় আমিনুল হকের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। পরে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পুলিশ রাবার বুলেট ছোড়ে বলেও অভিযোগ বিএনপির নেতা-কর্মীদের।

Related posts

Leave a Comment