ষ্টাফ রিপোর্টার,২৯ জুন ২০২১(বিবিনিউজ ):ঢাকার সাভারে সমাজের অসহায় হতদরিদ্র কৃষক ও কৃষাণীদেরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার লক্ষে বিনামূল্যে হাঁসসহ নানা কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কৃষি উপকরণ বিতরণ করেন।
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলজি এসপি-৩ এর অর্থায়নে কয়েক’শ নারী কৃষাণীকে হাঁস ও পুরুষ কৃষকদের মাঝে কৃষি উপকরণসহ সবজি খেতে পোকা মাকড় দমন করার স্প্রে মেশিন বিতরণ করা হয়।
এতে ওই ইউনিয়নের কয়েক’শ অসহায় নারী কৃষাণী হাঁস লালন পালন করে ডিম বিক্রি করে ছেলে মেয়ের লেখাপড়া ও সংসার খরচ চালাতে পারবেন। এর আগে নারী ও পুরুষ কৃষকদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সঠিক ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া এই ইউনিয়নে বিভিন্ন নারীকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা হচ্ছে।
এসময় অনুষ্ঠানে আসা সকলকে করোনা ভাইরাস রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। হাঁস ও কৃষি উপকরণ বিতরণে এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম, ইউনিয়ন পরিষদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসির আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে ইউনিয়ন পরিষদের পাশে সাধারণ মানুষকে বিনামুল্যে পত্রিকা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য দেওয়াল পত্রিকা উদ্বোধন করা হয়।
