কঠোর লকডাউন নিয়ে যা বললেন কাদের


২৬ জুন ২০২১(বিবিনিউজ ):করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঘোষিত কঠোর লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

এ সময় করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অবহেলা না করার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। তাই এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন।’

ব্রিফিংয়ে বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির বর্তমান যেমনি হতাশাগ্রস্ত তেমনি ভবিষ্যৎও কুয়াশাচ্ছন্ন। সংকটের অক্টোপাস বিএনপিকে জেঁকে ধরেছে। দেশ নয়, চরম দুঃসময় চলছে এখন বিএনপির রাজনীতিতে। শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাহীনতা, সিদ্ধান্তহীনতা, নির্বাচনবিমুখতা এবং অগণতান্ত্রিক চর্চা বিএনপিকে জনবিচ্ছিন্ন করছে দিন দিন। তাদের নেতাকর্মীদের হতাশ করেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অভিযোগের ফানুস উড়ানো নিত্যদিনের রুটিন। বিএনপি তাদের ব্যর্থতা ঢাকতে আবোলতাবোল বকছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। সরকারের বিরুদ্ধে বিষোদগার না করলে বিএনপির পেটের ভাত হজম হয় না।’

Related posts

Leave a Comment