রাজধানীর কদমতলীতে বাসা থেকে বাবা-মা-মেয়ের লাশ উদ্ধার

১৯ জুন ২০২১(বিবিনিউজ):রাজধানীর কদমতলীর মুরাদপুর হাইস্কুল রোডে একটি বাসা থেকে বাবা, মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই পরিবারের শিশুসহ আরও দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরেক মেয়েকে আটক করা হয়েছে।

যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন মাসুদ রানা (৫০), তাঁর স্ত্রী মৌসুমি ইসলাম (৪৫) ও মেয়ে জান্নাতুল (২১)। হাসপাতালে যে দুজনকে ভর্তি করা হয়েছে, তাঁরা হলেন মাসুদ রানার আরেক মেয়ে মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও তাঁদের পাঁচ বছরের মেয়ে মার্জান তাবাসসুম।

শফিকুল ও মেহজাবিনের বয়স প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল বলেন, গতকাল শুক্রবার রাতে তিনি স্ত্রী ও সন্তানসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে যাওয়ার পরে তাঁর স্ত্রী মেহজাবিন সবাইকে চা দেন। চা খাওয়ার পরে তাঁর আর কিছু মনে নেই। ওই চা তাঁর শ্বশুর শাশুড়িও খেয়েছেন।

শফিকুল আরও বলেন, তাঁর স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ির কারও সম্পর্ক ভালো না। প্রায়ই তাঁদের মধ্যে কলহ চলতো।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ঘটনাস্থলে রয়েছে।

Related posts

Leave a Comment